রহমানের বান্দা কারা?
জনৈক উদ্ধত ব্যক্তি চরম দাম্ভিকতার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রসিদ্ধ বুযুর্গ মালেক ইবনে দীনার রাহ.-ও সেই পথে হেঁটে যাচ্ছিলেন। তাঁর চলার মধ্যে বিনয়-নম্রতা ও ধীরস্থিরতা প্রকাশ পাচ্ছিল। তিনি উদ্ধত লোকটিকে উদ্দেশ্য করে বললেন, বৎস হে! তুমি এমন দাম্ভিকতার সাথে চলছ কেন?
লোকটি উত্তেজিত হয়ে বলতে লাগল, জানো আমি কে?
অহংকারী লোকটি যদিও ছিল অর্থবিত্তে ও প্রভাব-প্রতিপত্তিতে বিরাট কিছু; কিন্তু মালেক ইবনে দীনার রাহ.-ও তাঁর ইবাদত-বন্দেগী এবং জ্ঞান ও গুণে কম ছিলেন না। তিনি বললেন, জানি, কে তুমি। কী তোমার পরিচয়। তোমার পরিচয় তো হল-
أوَّلُك نُطْفَة مَذِرَة وآخِرك جِيفَة قَذِرَة وأنت فيما بين ذلك تحمل العَذِرَة
অর্থাৎ, তোমার অস্তিত্বের সূচনা এক বিন্দু নাপাক পানি, (যা দেহ স্পর্শ করলে দেহ নাপাক হয়, কাপড় স্পর্শ করলে কাপড় অপবিত্র হয় এবং দেহ থেকে নির্গত হলে গোসল আবশ্যক হয়।) তোমার সমাপ্তি হল, পঁচা দুর্গন্ধময় এক মৃতদেহ। আর এ দু অবস্থার মাঝে তুমি উদরে বহন করে চলছ নাপাক মল-মূত্র। (জীবনী অংশ, মালেক ইবনে দীনার রাহ., সিয়ারু আ‘লামিন নুবালা)
মালেক ইবনে দীনার রাহ.-এর এ অমোঘ সত্যবাণী শ্রবণে উদ্ধত ব্যক্তিটি তার প্রকৃত পরিচয় উপলব্ধি করল। সে লজ্জিত, অনুতপ্ত ও অনুশোচনাগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করল।
উদ্ধত ও দাম্ভিকদের উদ্দেশে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন-
وَ لَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَ لَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا
ভূপৃষ্ঠে তুমি দম্ভভরে পদচারণা করো না, নিশ্চয় তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কিছুতেই পর্বতসমান হতে পারবে না। -সূরা বনী ইসরাঈল (১৭) : ৩৭
এর কারণ, মানুষ আল্লাহ তাআলার বান্দা ও দাস। বন্দেগী ও দাসত্ব করাই তার কাজ। পৃথিবীতে মানুষ আল্লাহর নিরঙ্কুশ ইবাদত ও দাসত্ব স্বীকার করবে- এ উদ্দেশ্যেই মানুষের সৃষ্টি। সুতরাং তার চলনে-বলনে এবং আচরণে-উচ্চারণে মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহর বন্দেগী ও দাসত্বের পূর্ণ বহিঃপ্রকাশ ঘটতে হবে। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে-
وَ عِبَادُ الرَّحْمٰنِ الَّذِیْنَ یَمْشُوْنَ عَلَی الْاَرْضِ هَوْنًا
রহমানের বান্দা তারাই, যারা পৃথিবীতে বিনম্রভাবে বিচরণ করে। -সূরা ফুরকান (২৫) : ৬৩
এ আয়াতাংশে আল্লাহ তাআলা মানুষকে ভূপৃষ্ঠে অহংকার ও দাম্ভিকতা প্রদর্শন করতে নিষেধ করেছেন। কারণ, গোলাম বা কৃতদাসের জন্য দাম্ভিকতা প্রদর্শন মূর্খতা বৈ কিছু নয়। দম্ভ ও অহংকার সেই ব্যক্তিই প্রদর্শন করে, যে নিজ অস্তিত্বের উৎসমূল ভুলে যায়।

Leave a Reply